স্বর্ণের দাম বাড়ল আরো

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ল ১ হাজার ৭৫০ টাকা। বৃহস্পতিবার থেকে বর্ধিত এ দাম কার্যকর হবে বলে গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) পক্ষ থেকে জানানো হয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দর অনুযায়ী বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৭৪ হাজার ৮ টাকা, যা আগে ছিল ৭২ হাজার ২৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ৭০ হাজার ৮৫৮ টাকা, যা আগে ছিল ৬৯ হাজার ১০৯ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ১১১টাকা, যা আগে ছিল ৬০ হাজার ৩৬১ টাকা। এছাড়া সনাতনী স্বর্ণের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা, যা আগে ছিল ৫০ হাজার ৩৯ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূর্বেনির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।