বালিশকাণ্ড :ঠিকাদার শাহাদাতের জামিন বাতিল চায় দুদক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৩

বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রে আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগে করা মামলায় ঠিকাদার শাহাদাত হোসেনকে নিম্নআদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানিয়েছেন, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এ আবেদনের ওপর শুনানির জন্য উপস্থাপন করা হবে।

আদালত সূত্র জানায়, পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রে আবাসন প্রকল্পে অস্বাভাবিক দামে বালিশসহ আসবাবপত্র ও অন্যান্যসামগ্রী কেনায় ব্যাপক দুর্নীতির অভিযোগে গত বছর ১২ ডিসেম্বর পাবনায় একাধিক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরমধ্যে একটি মামলায় ঠিকাদারী প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শাহাদাত হোসেনকে আসামি করা হয়। এ মামলায় পাবনার একটি আদালত গত ২৭ আগস্ট শাহাদাত হোসেনকে জামিন দেয়। এই জামিন বাতিল চেয়ে দুদক হাইকোর্টে আবেদন করেছে।

জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারিদের থাকার জন্য গ্রিন সিটি আবাসন পল্লীতে ২০ তলা ১১টি ও ১৬ তলা আটটি ভবন হচ্ছে। এরই মধ্যে ২০ তলা আটটি ও ১৬ তলা একটি ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রতিটি ফ্ল্যাটের জন্য একটি বৈদ্যুতিক চুলার দাম ধরা হয়েছে ৭ হাজার ৭৪৭ টাকা এবং তা ভবনে তুলতে খরচ ধরা হয়েছে ৬ হাজার ৬৫০ টাকা, একটি বালিশের দাম ধরা হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকা এবং তা ভবনে তুলতে খরচ ধরা হয়েছে ৭৩০ টাকা। একটি বৈদ্যুতিক কেটলির দাম ৫ হাজার ৩১৩ টাকা যা তুলতে খরচ দেখানো হয়েছে ২ হাজার ৯৪৫ টাকা।