শাহজালালে ১৫ কেজি এমফিটামিন মাদক জব্দ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৭

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত মঙ্গলবার রাতে কোকেন সদৃশ ১৫ কেজি এমফিটামিন মাদক জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। নেপচুন ফ্রেইট লিমিটেড নামে একটি কোম্পানির গার্মেন্টস পণ্যের চালানের সঙ্গে এগুলো হংকংয়ে পাঠানো হচ্ছিল।

ঢাকা কাস্টমস হাউজ সূত্র জানায়, বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজে ডুয়েল ভিউ স্ক্যানারে নিরাপত্তা তল্লাশি বা স্ক্রিনিংয়ের সময় গার্মেন্টস পণ্যের (জিন্স প্যান্ট) ৩৪০টি কার্টনের মধ্যে সাতটি কার্টনে ১৫ কেজি ৬৫৮ গ্রাম পাউডার জাতীয় পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে এটি মূলত ইয়াবা তৈরির উপাদান এমফিটামিন। এ বিষয়ে বিমানবন্দর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

সূত্র আরো জানায়, কেরানীগঞ্জের নেপচুন ফ্রেইট লিমিটেড কোম্পানির মালিকের নাম রুবেল হোসেন। ইউনাইটেড ট্রেড নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই পণ্যগুলো প্যাকেজিং করা হয়। এদিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ছয় জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।