৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় হাইকোর্টে জামিন চান এনামুল বাছির

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৪১

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় দুদকের সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গত ১৯ জানুয়ারি এই মামলায় পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান ও বাছিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৮ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেয় আদালত। গত বছরের ৯ জুন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী, ডিআইজি মিজানের বিরুদ্ধে পরিচালিত দুর্নীতির অনুসন্ধান থেকে দায়মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন ডিআইজি মিজান। ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথন রেকর্ড করে ঐ চ্যানেলকে দিয়েছিলেন মিজান। ডিআইজি মিজান নিজেও এ বিষয়ে গণমাধ্যমে সাক্ষাত্কার দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে বাঁচতে ঐ অর্থ ঘুষ দেন বলে ডিআইজি মিজান দাবি করেন। পরে অনুসন্ধান করে ঘটনার সত্যতা পেয়ে দুই জনের বিরুদ্ধে মামলা করে দুদক।