পিপিপিতে বিনিয়োগ বাড়াতে ৪২৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৬

সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে অবকাঠামো খাতে বিনিয়োগ তহবিলের জন্য ৫ কোটি ডলার (৪২৫ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লি. (বিআইএফএফএল)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জামান এ সংক্রান্ত চুক্তিতে সই করেন। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উল্লেখ করেন, এই প্রকল্পের মাধ্যমে বিআইএফএফএলের বেসরকারি খাতে বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে পিপিপিতে অবকাঠামোর প্রকল্পের উন্নয়ন হবে। কর্মসংস্থান বাড়বে যার মাধ্যমে করোনা ভাইরাসের এই সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে। এডিবির ঋণে নেওয়া প্রকল্প বাস্তবায়ন হলে ২০২৪ সালের মধ্যে ৩ হাজার নতুন কর্মসংস্থান হবে। এডিবি জানিয়েছে প্রকল্পের মাধ্যমে বিআইএফএফএল দীর্ঘমেয়াদে স্থানীয় মুদ্রায় পিপিপির অবকাঠামো প্রকল্পে ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে।