আরো সাশ্রয়ে, সহজে এবং নিরাপদে মালয়েশিয়া থেকে মোবাইল ওয়ালেট ব্যবহার করে তাত্ক্ষণিকভাবে বাংলাদেশে মোবাইল ওয়ালেটে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং মালয়েশিয়ার মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ভ্যালইউ যৌথভাবে প্রথমবারের মতো ব্লকচেইন-ভিত্তিক এই সেবা চালুর ঘোষণা দিয়েছে। এই সেবায় বিশ্বখ্যাত অ্যান্ট গ্রুপ উদ্ভাবিত ব্লকচেইন প্রযুক্তি ব্যবহূত হচ্ছে। নতুন চালু হওয়া এই সেবার কল্যাণে মালয়েশিয়া প্রবাসীরা সহজেই দেশে তাদের স্বজনদের কাছে রেমিট্যান্স পাঠাতে পারবেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, মোবাইল ফোনেই সার্বক্ষণিক, ২৪ ঘণ্টায় এই সেবা নিতে পারবেন গ্রাহক, যা রেমিট্যান্সের প্রবাহ সহজ এবং দ্রুততর করে তুলবে।
বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, বাংলাদেশে রেমিট্যান্স আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেশ মালয়েশিয়া। এই অংশীদারিত্বের ফলে মালয়েশিয়া প্রবাসীরা তাদের ডিজিটাল ওয়ালেট থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি
