কানাডায় শিশুর মাস্ক পরাকে কেন্দ্র করে ফ্লাইট বাতিল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২০:৫২

এক শিশুর মাস্ক পরাকে কেন্দ্র করে ফ্লাইট বাতিল করেছে কানাডার একটি এয়ারলাইনস। মঙ্গলবার কানাডার ক্যালগারি থেকে টরেন্টো অভিমুখী ওয়েস্টজেট কোম্পানির ফ্লাইটটি বাতিল করা হয়। করোনা পরিস্থিতির কারণে দুই বছরের বেশি বয়সি যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কোম্পানিটি।

 বিমান কোম্পানিটির দাবি, বিমানে থাকা মি. চৌধুরী ও তার স্ত্রী তাদের দুই বছরের বেশি বয়সের সন্তানকে মাস্ক পরানোর বিধি অমান্য করেছিলেন। তারা তাদের বাচ্চাকে মাস্ক পরাতে চাননি। বিমানের ক্রুরা কেবল তাদের নিয়মগুলো সম্পর্কে অবহিত করেছেন। তবে চৌধুরী ও তার স্ত্রী ট্রান্সপোর্ট কানাডার অন্তর্বর্তীকালীন আদেশ মানতে অস্বীকৃতি জানান। আবার বিমান থেকে নেমে যেতেও রাজি ছিলেন না তারা। তাই তারা কর্তৃপক্ষের দ্বারস্থ হন।

শিশুটির বাবার দাবি, ওয়েস্টজেট তার দুই বছরের কম বয়সি (১৯ মাস) মেয়েকে জোর করে মাস্ক পরাতে চেয়েছিল। কিন্তু তার মেয়ের কান্না থামছিল না তখন। তিনি বলেন, চেক ইন করার সময় কোনো সমস্যা হয়নি, কিন্তু ফ্লাইটটি যাত্রার আগমুহূর্তে ওয়েস্টজেটের একাধিক কর্মী তার স্ত্রীর কাছে এসে জানান উভয় বাচ্চাকেই মাস্ক পরতে হবে। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন।

ঐ যাত্রী বলেন, ‘তিন বছর বয়সি মেয়েকে মাস্ক পরিয়েছিলাম। কিন্তু সেই মুহূর্তে মাস্ক খুলে সে নাশতা খাচ্ছিল। এটা বোঝানোর পরেও ওয়েস্টজেটের কর্মীরা আমাদের সঙ্গে কঠোর আচরণ করেন। তারা আমার ১৯ মাস বয়সি বাচ্চার দিকে ফিরে বলেন যে ফ্লাইটের প্রত্যেক যাত্রীকে মাস্ক পরতে হবে, নয়তো ফ্লাইট ছাড়বে না।’