ফালাকাটা থানার ঢুকে এক যুবককে মারধরের পর আলিপুরদুয়ারের জেলা প্রশাসকের পদ থেকে নিখিল নির্মলকে সরিয়ে দিলো রাজ্য প্রশাসন। আদিবাসী উন্নয়ন পর্ষদের ম্যানেজিং ডিরেক্টর করা হল এই বিতর্কিত জেলা প্রশাসককে। ওই জেলার নতুন জেলাশাসক হিসেব কাজ করবেন শুভাঞ্জন দাস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ছিলেন তিনি।
রবিবার রাতে নিখিল নির্মল ও তার স্ত্রী নন্দিনীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায়, স্ত্রী নন্দিনীকে কটূক্তি করার অভিযোগ তুলে নিখিল এক যুবককে ফালাকাটা থানার মধ্যেই বেধড়ক মারছেন। এ অভিযোগ পাওয়ার পরই নবান্নের শীর্ষকর্তারা নিখিলকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেন। তার স্থানে দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) চিরঞ্জীব ঘোষকে।
আরো পড়ুন: যুবককে মারধর করা সেই জেলা প্রশাসক ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা
আলিপুরদুয়ারের জেলাশাসকের পদ থেকে নিখিল নির্মলকে সরাতে চেয়ে নির্বাচন কমিশনকে রাজ্য সরকার চিঠিও পাঠিয়েছিল। কারণ, এ রাজ্যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটার তালিকা সংশোধনের কাজ করছেন জেলাশাসকরা। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত কমিশনের অধীনে থাকবেন তারা। শেষপর্যন্ত আলিপুরদুয়ারে নয়া জেলাশাসক নিয়োগ করল রাজ্য সরকার।

এদিকে থানায় ঢুকে যে যুবককে মারধর করা নিয়ে এত কাণ্ড, সেই বিনোদ সরকারকে অবশ্য জামিন দিয়েছে আদালত।
ইত্তেফাক/বিএএফ
