টানা লিগ চাই লিভারপুলের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

গেল মৌসুমে দারুণ প্রতাপেই লিগ জিতেছিল লিভারপুল। মোহামেদ সালাহ-সাদিও মানেরা আসছে ২০২০-২১ মৌসুমেও তেমন কিছু করে দেখাতে পারবেন না এমনটা ভাবা আপাতত অলীকই মনে হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইতিহাস বলছে কাজটা অতোটা সহজ হবে না কোচ য়ুর্গেন ক্লপের জন্য।

লিভারপুলের পরীক্ষাটা শুরু হচ্ছে কাল লিডস ইউনাইটেডের বিপক্ষে। প্রিমিয়ার লিগ অবশ্য শুরু হয়ে যাবে তার কিছু আগেই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও ফুলহ্যাম।

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিই কেবল ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত টানা দুটো শিরোপা জিতেছিল। ২০০৯-১০ মৌসুম থেকে এর আগ পর্যন্ত প্রতি বছরই শিরোপা হাত বদলেছে প্রতি মৌসুম শেষেই।

গেল মৌসুমে ক্লপের দল দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে শিরোপা জিতেছিল, তৃতীয় আর চতুর্থ স্থানে থাকা চেলসি-ইউনাইটেডের চেয়ে এগিয়ে ছিল ৩৩ পয়েন্টে! তবে ক্লপ নিজেও জানেন, এমন কিছুর পুনরাবৃত্তি ঘটবে না এবার। এমন নয় তার দল ক্ষয়ে যাবে, বরং প্রিমিয়ার লিগে দলগুলোর উন্নতি করা ইতিহাস বলছে এমন কিছুই।

লিভারপুলকে হারানো সাম্প্রতিক সময়ে ইউরোপের অন্যতম কঠিন কাজই হয়ে দাঁড়িয়েছে। কারণ ক্লপ তো আর এক মৌসুমের সাফল্যের জন্য তিলে তিলে দল গড়েননি! রক্ষণ থেকে আক্রমণ পর্যন্ত দলে খুঁত নেই একটুও। শোনা যাচ্ছে মাঝমাঠে জর্জিনিও ওয়াইনাল্ডামকে ছেড়ে থিয়াগো আলকান্তারাকে দলে ভেড়াবে অল রেডরা। তাতে মাঝমাঠের দখলটা বাড়বে আরো। সঙ্গে ভার্জিল ফন ডাইকের নেতৃত্বে রক্ষণভাগ আর মোহামেদ সালাহদের আক্রমণভাগ মনে করিয়ে দিচ্ছে এ মৌসুমেও কঠিন এক দলই হবে লিভারপুল। শেষ দুই মৌসুমে যে কৌশলে সাফল্য পেয়েছেন তা থেকে সরে এসে ক্লপ কিছু করবেন তার সম্ভাবনা নেই আদৌ। এমনকি করোনাসৃষ্ট বিরতির পরে কিছুটা ম্লান পারফর্ম্যান্সের পরেও।

তবে চ্যালেঞ্জটা আসবে বাইরে থেকেই। চলতি মৌসুমে জার্মান কোচের প্রতিপক্ষ ডাগআউটে থাকবেন পেপ গার্দিওলা, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ওলে গুনার সোলসার, হোসে মরিনহো, ব্রেন্ডন রজার্স, কার্লো অ্যানচেলত্তি আর মার্সেলো বিয়েলসাদের মতো ধুরন্ধর ট্যাকটিশিয়ানরা। ক্লপের কাজটা তাই সহজ হবে না মোটেও! সাবেক লিভারপুল খেলোয়াড় গ্রায়েম সুনেসও মনে করেন অজেয় নয় তার সাবেক দল। বললেন, ‘যদি আর্নল্ড আর রবার্টসনের যোগান আর প্রভাবে লাগাম টানতে পারেন, আর ফন ডাইকের মাথার আশেপাশে বল না যেতে দেন তাহলে তাদের থামানোর সম্ভাবনাটা আরো বাড়িয়ে দেবেন আপনি। লিভারপুল শিরোপার জন্য ফেভারিট। কিন্তু তারা আগেরবারের মতো আবারও বহু আগেই শিরোপা নিশ্চিত করে ফেলবে, এমনটা মনে হচ্ছে না আদৌ।’