বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর

২৭ জনের ভিসা করাচ্ছে বিসিবি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে রাখা হয়েছে ২৭ ক্রিকেটারকে। যার মধ্যে আছেন নয় জন পেস বোলার। শেষ পর্যন্ত তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দলে ছয় থেকে সাত জন পেসারকে রাখা হবে। কয়েক দিনের মধ্যেই এই দলটা ঘোষণা করা হবে। ইতিমধ্যে নির্বাচকরা বিসিবিতে জমা দিয়েছেন লঙ্কা সফরের দল।

আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার ভিসার জন্য কাজ শুরু করে দিয়েছে বিসিবি। ভিসার জন্য কাগজপত্র দূতাবাসে পাঠানো হয়েছে।

তবে ২৭ সদস্যের দলে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। যদিও টি-২০ দলের অধিনায়ককে আগেই বলা হয়েছে সাদা বলের ক্রিকেটে মনোযোগী হতে। ২০ সদস্যের চূড়ান্ত দলে অবশ্য তার নাম থাকার সম্ভাবনা খুবই কম।

গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এটা শুধু প্রাথমিক দল। আমরা এসব খেলোয়াড়ের ভিসা করে রাখছি। যখন আমরা হোটেলে উঠে যাব তখন সংখ্যা কমিয়ে ২০ জন ক্রিকেটার থাকবে।’

প্রধান নির্বাচক আরো বলেন, ‘আমরা সবাইকে প্রাথমিক দলে রেখেছি। কারণ আমাদের করোনা পরিস্থিতিতে স্ট্যান্ড বাই প্রস্তুত রাখতে হবে।’

শ্রীলঙ্কায় গিয়ে প্রস্তুতি ম্যাচগুলোর পর ঘোষণা হবে টেস্টের মূল দল। সেখানে টিকে থাকবেন ১৭ জন। তিন ক্রিকেটারকে ফিরে আসতে হবে দেশে। নান্নু বলেন, ‘প্রাথমিক দলে নয় জন পেসার আছে মানে সবাইকে আমরা নিব এমন নয়। আমরা ছয় জন পেসার নিব। টেস্ট দলে থাকবে ১৭ জন। তিন জন দেশে ফিরে আসবে।’ এদিকে শ্রীলঙ্কা বোর্ডের কাজে সন্তুষ্ট হতে পারছে না বিসিবি। স্বাগতিক বোর্ড বায়ো-সিকিউরিটি প্ল্যান দিলেও সেটি স্পষ্ট নয়। সবখানে ‘যদি’ যোগ করে রাখা হয়েছে। এমনকি কোয়ারেন্টাইনের বিষয়টিও নিশ্চিত করেনি লঙ্কান বোর্ড। ১৪ নাকি সাত দিন কোয়ারেন্টাইন হবে তা জানে না বিসিবি। শ্রীলঙ্কা গিয়ে এইচপির বিরুদ্ধে ৫ ও ১১ অক্টোবর দুটি তিন দিনের ম্যাচ খেলবে মুমিনুল বাহিনী। পরে ১৮ অক্টোবর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।