ঝুঁকিপূর্ণ সুতাং সেতু দুর্ঘটনার আশঙ্কা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০

শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং বাজারের সুতাং সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত কয়েক বছর ধরে সেতু দিয়ে কেবল হালকা যানবাহন চলাচল করছে। প্রতিদিন আশপাশের প্রায় ১৫-২০ গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে সেতুটিতে চলাচল করে। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।  সুতাং বাজারের ব্যবসায়ী এম এ মামুন আহমেদ বলেন, আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে চলাচল করি। যখন ব্রিজের ওপর গাড়ি ওঠে তখন সেটি কেঁপে ওঠে। যাত্রীরা অনেক সময় ভয়ে গাড়িতে উঠতে চান না। একই গ্রামের সমাজকর্মী গোলাম সারোয়ার উদ্দিন বাবলু জানান, করোনা ভাইরাসের সংক্রমণের আগে দেখলাম সেতুটিতে কিছু লোক কাজ করছিল। পরে খোঁজ নিয়ে জানা যায়, নতুন করে নির্মিত হবে সেতুটি। এই বাজারের হাজার হাজার মানুষের আসা-যাওয়ার জন্য বিকল্প রাস্তা নির্মাণ করে সেতুটি অতিসত্বর নির্মাণ করার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া বলেন, বিষয়টি এলজিইডির অধীনে রয়েছে। সেতুটি দ্রুত নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তিনি। হবিগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দাশ বলেন, সুতাং নদীর ওপর সেতুর টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে। করোনা ও বর্ষার কারণে ঠিকাদার কাজ শুরু করতে পারেনি। খুব শিগিগরই এই সেতুর কাজ শুরু করা হবে।