মুন্সীগঞ্জের গজারিয়ার টেঙ্গারচর গ্রামে কৃষক ইমরান হোসেন হত্যার দায়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. তোফায়েল হোসেন ও মো. রনি। বৃহস্পতিবার মো. তোফায়েল হোসেনকে গজারিয়ার টেঙ্গারচর এবং রনিকে গজারিয়ার মিরেরগাঁও থেকে গ্রেফতার করা হয়। জমি ভাড়াসংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় বুধবার মারা যান কৃষক ইমরান হোসেন। পরে ইমরানের স্ত্রী ফারজানা আক্তার আট জনকে আসামি করে গজারিয়া থানায় মামলা করেন। এসব তথ্য দিয়ে ওসি (তদন্ত) মামুন জানান, স্থানীয় শাহিন মিয়ার কাছ থেকে এবছর চাষাবাদ করার জন্য এক বছরের চুক্তিতে এক বিঘা জমি ভাড়া নেন ইমরান। গত বছর জমিটি ভাড়া নিয়েছিলেন শিবির আহমেদ। বুধবার ইমরান জমিটির আগাছা পরিষ্কার করার সময় শিবির আহমেদ লোকজন নিয়ে ইমরানের ওপর হামলা চালায়। আহত ইমরানকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
