দুর্নীতির মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনের ওপর শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে আগামী ২১ সেপ্টেম্বর এ আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। চেম্বার আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও খালিদীর পক্ষে আব্দুল মতিন খসরু শুনানি করেন।
গত ২৬ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিডি নিউজের সম্পাদককে আট সপ্তাহের আগাম জামিন দেন। অসাধু উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে গত ৩০ জুলাই মামলাটি করে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, উনি চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উত্স দুদক পায়নি। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ঐ টাকা অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। হাইকোর্টের দেওয়া ঐ জামিন আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।
দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছিলাম। এর মধ্যে হাইকোর্টের আদেশ হাতে পেয়েছি। তাই লিভ টু আপিল (আপিলের অনুমতি) দায়ের করেছি। বৃহস্পতিবার চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য ২১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। তিনি বলেন, আগে জামিন স্থগিত চেয়েছিলাম। এখন বাতিল চেয়েছি।
