সাতক্ষীরায় এএসআইসহ সড়কে নিহত চার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৭

পুলিশের এক এএসআইসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। এর মধ্যে আশাশুনিতে বাঁশের ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী এএসআই, মাদারীপুরের শিবচরে প্রাইভেটকার চাপায় স্কুলছাত্রী, মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্র চালক ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে গাড়িচাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

সাতক্ষীরা :আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআই নিহত ও আহত হয়েছে আরো এক পুলিশ সদস্য। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, নিহত এএসআই শাহজামাল যশোর জেলার শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে। বৃহস্পতিবার ভোরে শাহজামাল দায়িত্ব পালন শেষে বুধহাটা এলাকা থেকে থানায় ফেরার পথে সাতক্ষীরা-আশাশুনি সড়কের চাপড়া ব্রিজের আগে পুরাতন ইউনিয়ন পরিষদ অফিসসংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি বাঁশের ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় একটি বাঁশ তার পেটের ভেতর ঢুকে যায়।

শিবচর (মাদারীপুর) :ঢাকা-খুলনা হাইওয়ের বন্দরখোলা চৌরাস্তা এলাকায় প্রাইভেটকার চাপায় এক পথচারী স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাটকান্দি গ্রামের চান মিয়ার মেয়ে পূর্ব সন্ন্যাসীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী খাদিজা ছাগলের জন্য ঘাস আনতে গেলে বন্দরখোলা চৌরাস্তা এলাকায় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) :সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্র গাড়ি খাদে পড়ে পানিতে ডুবে গেলে গাড়ির নিচে চাপা পড়ে চালক নিহত হন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের হীরণের খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) :আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আলাল মোল্লা (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আলাল মোটরসাইকেলযোগে মাধবদীর দিকে যাওয়ার পথে উপজেলার পুরিন্দা এলাকায় এলে একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।