মাজার থেকে অপহূত শিশু সাভারে উদ্ধার দুই নারী গ্রেফতার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০০:৫১

রাজধানীর মিরপুরে হয়রত শাহ আলী (রহ) মাজার থেকে অপহূত তিন বছরের শিশু সাহাদাত হোসেনকে সাভারের ছায়াবীথি হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ। অপহরণের অভিযোগে রাশিদা ও ফাতেমা নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত শাহিন নামে আরেক অপহরণকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে ডিবি পুলিশ।

ডিবির মিরপুর বিভাগের এডিসি মো. আশরাফুল করিম জানান, সাহাদাতের মা মেরি অন্যের বাসায় কাজ করেন। গত শনিবার দুপুরে সাহাদাতকে বাসায় রেখে কাজে যান। বিকালে বাসায় ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে জানতে পারেন এক নারী শাহ আলী মাজারের গেটের কাছ থেকে তাকে নিয়ে গেছে। এ ঘটনায় বুধবার সাহাদাতের মা শাহআলী থানায় অপহরণ মামলা করেন। থানা পুলিশের পাশাপাশি এ ঘটনার ছায়া তদন্ত করে ডিবি। ঘটনাস্থল ও আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়।

গ্রেফতারকৃত রাশিদা জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর বিকালে সে মাজারে যায় এবং ফাতেমা ও শাহিনের সহায়তায় শিশু সাহাদাতকে অপহরণ করে সাভারে নিয়ে যায়। গত বছরও রাশিদা শাহআলী থানা এলাকায় একটি শিশুকে অপহরণ করেছিল। ঐ ঘটনায় শাহআলী থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। রাশিদার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ীতে।