লুণ্ঠিত ৭৫ লাখ টাকা উদ্ধার চার ডাকাত গ্রেফতার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৪

গাজীপুরে চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতির তিন দিন পর এক নারীসহ চার ডাকাতকে গ্রেফতার এবং লুণ্ঠিত দেড় কোটি টাকার মধ্যে ৭৪ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—জামালপুরের দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম, তার স্ত্রী সেলিনা বেগম, একই জেলার ইব্রাহিম খলিল ও চাঁদপুরের মতলব থানার লতরদী এলাকার বাসিন্দা এমদাদুল্লাহ ওরফে এমদাদ। তাদের মধ্যে এমদাদ কারখানার নিরাপত্তাকর্মী। বৃহস্পতিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া সাংবাদিকদের ঐ তথ্য জানান।

তিনি জানান, ৬ সেপ্টেম্বর রাতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকায় চীনা মালিকানাধীন চং থিয়েন রি- জেনারেশন রিফোর্স কোম্পানি লিমিটেড নামের ব্যাটারি তৈরির কারখানায় ডাকাতি হয়। ডাকাতরা কারখানার মালিক মি. অং’কে রড দিয়ে মাথায় আঘাত করে তার কক্ষের কার্টনে থাকা প্রায় দেড় কোটি টাকা এবং তার একটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে কারখানার তরফ থেকে পরদিন কাশিমপুর থানায় মামলা হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়ার তত্ত্বাবধানে এবং কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার থোযাই অংপ্রু মারমার নেতৃত্বে একটি পুলিশের একাধিক টিম ঢাকা, কুমিল্লা, জামালপুর ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৭ সেপ্টেম্বর প্রথমে কারখানার নিরাপত্তাকর্মী এমদাদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে জামালপুরে অভিযান চালিয়ে ডাকাত সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা বেগমকে আটক এবং তার কাছ থেকে লুটের ৪৫ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে জামালপুরের সাইফুল ইসলাম একই জেলার ডাকাত সদস্য ইব্রাহিম খলিলকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে আরো ২৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সেলিনা বেগম গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য ডাকাতরাও এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামি গ্রেফতার ও লুণ্ঠিত বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।