ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখেও অবিচল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আইন প্রণয়ন করে তিনি ব্রেক্সিট চুক্তির কিছু শর্ত ভাঙার সিদ্ধান্তে অটল রয়েছেন। পার্লামেন্টে জনসন বলেন, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ বাজারের অখণ্ডতা নিশ্চিত করতে তার সরকার এই আইন কার্যকর করার পথে এগিয়ে যাবে। চাকরি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি রক্ষা করতে এবং গোটা দেশে সমৃদ্ধি নিশ্চিত করতেই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন বলে জানান বরিস জনসন। প্রসঙ্গত, নিম্নকক্ষে যথেষ্ট আসনসংখ্যার জোরে তিনি আইনের খসড়া অনুমোদন করাতে পারলেও উচ্চকক্ষে প্রবল বাধার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে এই খবর প্রকাশ হওয়ার পর ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট ম্যারোস সেভকোভিক লন্ডনে ব্রিটেনের মন্ত্রী মাইকেল গোভের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। এছাড়া ইইউ বলেছে, এর মাধ্যমে বিশ্বাস ভঙ্গ হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতেও পিছপা হবে না। যদিও একটি সূত্র জানায়, ইইউ আসলে আইনগত ব্যবস্থা নিচ্ছে না। কারণ তারা মনে করছে, শেষ পর্যন্ত ব্রিটেন চুক্তি ভঙ্গ করবে না।—ডয়চেভেলে, বিবিসি ও আলজাজিরা
