অবশেষে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি তালেবান!

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৭

যুদ্ধ ও সহিংসতা বন্ধের লক্ষ্যে আফগানিস্তান সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে তালেবান। সংগঠনটি আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় বলে ঘোষণা দিয়েছে।

কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আইআরআইবি’র সংবাদদাতা। এতে বলা হয়েছে, কাবুলকে আলোচনার জন্য প্রস্তুতি নিতে বলেছে তালেবান। 

মোহাম্মাদ নাঈম ওয়ারদাক জানিয়েছেন, কাতারের সমঝোতা অনুযায়ী আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে তালেবান। আফগানিস্তানের জাতীয় স্বার্থ ও ইসলামি মূল্যবোধ রক্ষা করার লক্ষ্যে তালেবান সারাদেশে শান্তি ও প্রকৃত ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

আরও পড়ুন: সুস্থ থাকতে গোমূত্র পান করতেন অক্ষয়!

আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সুরুর দানিশ জানিয়েছেন, তালেবানদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে তার সরকার। ফলে সরকার খুবদ্রুত তালেবানদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে পারবে বলে আশা করছে।

ইত্তেফাক/আরআই