বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে রায় কার্যকর করার আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮

ইত্তেফাক রিপোর্ট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের রায় কার্যকর করতে পারলে আমরা নিজেদের ধন্য মনে করব। মুজিববর্ষে কমপক্ষে একজন খুনিকে দেশে এনে বিচারের রায় কার্যকর করতে চাই। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ড. মোমেন পলাতক খুনিদের দেশেফেরত আনার জন্য প্রবাসীসহ মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন সকলের সহায়তা কামনা করেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত খুনিদের দেশে আনার বিষয়ে গণস্বাক্ষর সংগ্রহেরও আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না; আর যত দিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। বঙ্গবন্ধু উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন কেবল নিজে দেখেননি, তিনি তা আমাদের হূদয়ে গ্রোথিত করে গেছেন।

‘জনতার প্রত্যাশা’ নামক সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলম এবং জাতীয় শ্রমিক লীগ নেতা মীর মোহাম্মদ আবু হানিফ প্রমুখ।