কুমিল্লায় আওয়ামী লীগের প্রবীণ নেতা মনিরুল হক গুরুতর অসুস্থ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৯

উন্নত চিকিত্সার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা মো. মনিরুল হক গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। চিকিত্সায়ও তার অবস্থার উন্নতি হচ্ছে না। আন্দোলন সংগ্রামে মাঠ কাঁপানো এই নেতা ধুকে ধুকে মৃত্যুর দিকে যাচ্ছেন। বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ অনুযায়ী বিদেশে নিয়ে তার উন্নত চিকিত্সার প্রয়োজন। এ ব্যাপারে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার ও দলের স্থানীয় নেতাকর্মীরা।

মনিরুল হকের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বাবুল বলেন, মহামারি করোনা পরিস্থিতিতে নানা বিধি-নিষেধের কারণে তাকে বিদেশে নেওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সুনজর কামনা করেন। চান্দিনা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবু তপন বক্সী বলেন, চান্দিনার সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশ্রাফ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিনসহ আমরা তার চিকিত্সার বিষয়ে খোঁজখবর রাখছি।