নিষেধাজ্ঞা এড়ালেন মেসি
স্পোর্টস ডেস্ক
অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলার ছাড়পত্র পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এই খবর নিশ্চিত করেছেন।
মূল ঘটনার সূত্রপাত গত বছরের জুলাই মাসে। কোপা আমেরিকার মঞ্চে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন মেসি। ফলে তখন তাকে নিয়ম অনুসারে একটি প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল)। শাস্তি অনুযায়ী, ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারার কথা নয় তার।
সেই ম্যাচের পর কোপা আমেরিকা আয়োজকদের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলেন তিনি। আর্জেন্টিনা ২-১ গোলে জেতার পর পদক নিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যাননি। সে জন্য তিনি তিন মাসের নিষেধাজ্ঞাও পান।
কনমেবলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল এএফএ। কনমেবল সভাপতি আলেহান্দ্রো দমিনগেসের সঙ্গে কথা বলেছেন। যিনি নিশ্চিত করেছেন, নিষেধাজ্ঞা দেওয়ার পর এক বছর পেরিয়ে যাওয়ায় ইকুয়েডরের বিপক্ষে মেসির খেলতে আর কোনো বাধা নেই।
আগামী মাসে বাছাইয়ের ম্যাচে ইকুয়েডর ও বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ৮ অক্টোবর নিজেদের মাঠে খেলবে ইকুয়েডরের বিপক্ষে। পরের ম্যাচ খেলবে প্রতিপক্ষ বলিভিয়ার মাঠে ১৩ অক্টোবর।
জানিয়ে রাখা ভালো, প্রাথমিক সূচি অনুযায়ী গত মার্চ মাসে শুরু হওয়ার কথা ছিল লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুই দফায় তা পিছিয়ে শুরু হতে যাচ্ছে অক্টোবরে।
