মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩১

বাফুফে নির্বাচন

স্পোর্টস রিপোর্টার

বাফুফের নির্বাচন নিয়ে যারা মাথা ঘামান তাদের আশঙ্কা ছিল একাধিক মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হতে পারে। প্রতিপক্ষকে সরিয়ে দিতেই এমনটি হতে পারে। সেই আশঙ্কায় গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের দিনে সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক, সদস্যপ্রার্থী ইমতিয়াজ সুলতান জনিসহ অনেকেই বাফুফে ভবনে হাজির ছিলেন।

উত্কণ্ঠায় বসে থাকা প্রার্থীদের সামনে এসে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন ঘোষণা করলেন—সব মনোনয়নপত্র বৈধ। তিনি বলেন, ‘৪৫ প্রার্থী বিভিন্ন পদে লড়াই করবেন। তাদের সবার মনোনয়ন বৈধ ঘোষণা করছি। আমাদের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করাটা সহজ হয়ে গেল। আজ বিকাল ৫টা পর্যন্ত প্রত্যাহারের শেষ সময়।’

প্রার্থী কিংবা কাউন্সিলর করোনা আক্রান্ত হলে তাকে ঘরে থাকার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যার রোগ হয়েছে সে ঘর থেকে বের হবেন না। যারা অসুস্থ আছেন তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবেন, এটা আমাদের প্রার্থনা।’ বেরিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম মানিক তার বিপক্ষ প্রার্থী কাজী সালাহউদ্দিন এবং বাদল রায়কে নিজ উদ্যোগে সরে যেতে অনুরোধ করে বলেন, ‘পরিবর্তন চায় সবাই।’