বিবিসি
ফ্রান্সে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি। এর ফলে সরকার দেশ জুড়ে কঠোর বিধিনিষেধ দেওয়ার পরিকল্পনা করছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বৃহস্পতিবার কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন প্রায় ১০ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া যায় তা ঠিক করতে শুক্রবার দেশটির বিভিন্ন মন্ত্রী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বৈঠকে বসছেন। ফ্রান্সে ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারকে পরামর্শ দেওয়া সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান জঁ-ফ্রঁস ডেলফ্রেসি প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে সতর্ক করেছেন। মন্ত্রী এবং বিশেষজ্ঞদের বৈঠক থেকে ফ্রান্সের বাসিন্দাদেরকে আগামী কয়েক সপ্তাহ কী ঘটতে যাচ্ছে, সে সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা দেওয়া যাবে বলে আশা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধা। তিনি বলেন, ‘আমাদের স্বচ্ছ ও স্পষ্ট হওয়া প্রয়োজন। আতঙ্ক না ছড়িয়ে বাস্তববাদী হওয়া প্রয়োজন’। কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা বিবেচনায় বিশ্বের দেশগুলোর মধ্যে সপ্তম স্থানে থাকা ফ্রান্সে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টা পর্যন্ত ৩ লাখ ৯২ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে ইউরোপের এ দেশটির প্রায় ৩১ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
