অযোধ্যায় মন্দির নির্মাণে দায়িত্বপ্রাপ্ত ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের’ ব্যাংক হিসাব থেকে চেক জালিয়াতির মাধ্যমে ৬ লাখ রুপি হাতিয়ে নেওয়া হয়েছে। পরপর দুটি চেকের মাধ্যমে এই অর্থ তুলে নেওয়ার পর তৃতীয় আরেকটি চেক দিয়ে টাকা তুলতে গেলে এই জালিয়াতি ধরা পড়ে। এই ঘটনায় মামলা দায়ের করেছেন ট্রাস্টের সেক্রেটারি চম্পত রায়। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত বছর এক ঐতিহাসিক রায়ে অযোধ্যার বিতর্কিত ভূমিতে রামমন্দির নির্মাণের অনুমতি দেয় ভারতের সর্বোচ্চ আদালত। আর মুসলমানদের মসজিদ নির্মাণে অন্য যে কোনো স্থানে জমি বরাদ্দ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। মন্দির নির্মাণকাজ তদারকির জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনেরও নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশে ঐ গঠিত এই ট্রাস্ট সম্প্রতি অযোধ্যায় রামমন্দির নির্মাণকাজ শুরু করেছে। অযোধ্যা সার্কেলের পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার রায় বৃহস্পতিবার জানান, গতকাল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সেক্রেটারি চম্পত রায় ট্রাস্টের ব্যাংক হিসাব থেকে ৬ লাখ রুপি তুলে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছেন।
