রাজধানীর দারুসসালাম থানা এলাকার মিরপুর সড়ক থেকে খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে সড়কে পড়ে থাকা খণ্ডিত পা দেখে পথচারীরা ট্রিপল নাইনে ফোন দিলে পরে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে। উদ্ধার করা খণ্ডিত পা ব্যান্ডেজে মোড়ানো ছিল।
দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন বলেন, মিরপুর সড়কে দারুসসালাম টাওয়ারের সামনে ফুটপাত সংলগ্ন স্থানে কে বা কারা ব্যান্ডেজে মোড়ানো খণ্ডিত পা ফেলে রাখে। খণ্ডিত পা ফুলে গেছে। বাহ্যিক পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে সেটি ডান পা। তবে পুরুষ নাকি নারীর তা শনাক্ত করা যায়নি। পা উদ্ধার করে ময়নাতদন্ত এবং ডিএনএ প্রোফাইলের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
