পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবির আরো চার জন গ্রেফতার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২

পুরানা পল্টন এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবির আরো চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) একটি টিম উত্তরা আজমপুর হতে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মামুন আল মোজাহিদ ওরফে সুমন ওরফে আবু আবদুর রহমান, মো. আল আমিন ওরফে আবু জিয়াদ, মো. মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক ও সারোয়ার হোসেন রাহাত।

সিটিটিসি সূত্র জানায়, পল্টন মডেল থানার পুরানা পল্টন এলাকায় গত ২৪ জুলাই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে আইইডিতে ব্যবহূত ইলেকট্রিক টেপ, জিআই পাইপের কনটেইনার, সার্কিটের অংশ, তারের অংশ বিশেষ, লোহার তৈরি বিয়ারিং ও বল, নাইন ভোল্ট ব্যাটারির অংশ বিশেষ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়।

এ মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১১ আগস্ট সিলেট জেলায় কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ অপারেশন এলিগ্যান্ট বাইট পরিচালনা করে এ ঘটনায় জড়িত নব্য জেএমবির পাঁচ জন সদস্যকে গ্রেফতার করেছিল। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উত্তরা আজমপুর এলাকা হতে আরো চার জন নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়। 

সিটিটিসি সূত্র আরো জানায়, বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের সঙ্গে ইতিপূর্বে গ্রেফতার হওয়া শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামানের বিভিন্ন সিক্রেট কমিউনিকেশন অ্যাপসের মাধ্যমে পল্টনে হামলার নির্দেশনা ও পরিকল্পনা বিষয়ক কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে।