আমেরিকার নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা যাত্রীবাহী বিমান দিয়ে যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল তার ১৯ বছর পূর্তি হলো গতকাল। করোনা মহামারির কারণে এ বছর নাইন ইলেভেন পালিত হয়েছে ভিন্নভাবে। গত ১৮ বছর ধরে নিউইয়র্কের গ্রাউন্ড জিরো, পেন্টাগন ও পেনসিলভেনিয়ায় নাইন ইলেভেন সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে দিনটি পালিত হয়ে আসছিল। তবে এবারোও নিউ ইয়র্কসহ বিভিন্ন রাজ্যে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
পেনসিলভানিয়ার শেঙ্কসভিলে ফ্লাই নাইনটি থ্রি ন্যাশনাল মেমোরিয়ালে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দিবসটি পালন করেন। তার সঙ্গে স্ত্রী মেলানিয়া ট্রাম্পও শ্রদ্ধা জানান। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে থাকতেই স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে নীরবতা পালনের মধ্য দিয়ে নাইন-ইলেভেনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পেন্টাগন মেমোরিয়ালে একটি বিশেষ অনুষ্ঠান হয় স্থানীয় সময় সকাল সাড়ে ৭ টায়। প্রতিরক্ষমন্ত্রী মার্ক এসপার, জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে ভার্চুয়াল স্মরণ অনুষ্ঠান পরিচালনা করেন। অন্যবারের মতো এবার নিহতদের পরিবারের সদস্যরা একসঙ্গে উপস্থিত না হলেও সারাদিন বিভিন্ন সময়ে তারা পেন্টাগন মেমোরিয়ালে এসে শ্রদ্ধা জানান, প্রার্থনা করেন তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনদের জন্য। করোনার কারণে এবার স্মরণ অনুষ্ঠান সীমিত করা হলেও গ্রাউন্ড জিরোতে নিউইয়র্ক মেয়র বিল ডে ব্লাসিও প্রার্থনা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, তার স্ত্রী ক্যারেন পেন্স, ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনও শ্রদ্ধা জ্ঞাপন করেন। -ভয়েস অব আমেরিকা ও ডেইলি মেইল
