নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৪

আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে (২৪) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির পাশে দিঘলিয়া চৌরাস্তা এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রেজওয়ান দিঘলিয়া গ্রামের শেখ সাইফুল ইসলামের ছেলে। তিনি দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গতকাল রাত সাড়ে ৭টার দিকে ছাত্রলীগ নেতা রেজওয়ান বাড়ির পাশে রাস্তায় হাঁটছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেলযোগে এসে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রখে যায়। পরে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।