রূপচাঁদার নামে পিরানহা বিক্রি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৪

রূপচাঁদার মতো দেখতে, কিন্তু আদতে পিরানহা। শুধু নিষিদ্ধ এই পিরানহা মাছই নয় কাওরানবাজার আড়তে অস্ট্রেলিয়ান মাগুর ও ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রির অভিযোগে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাওরানবাজারের মাছের বাজারে অভিযান চালায় র্যাব। অভিযানের নেতৃত্বে থাকা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, এই কারবারের নেপথ্যে একটি বড় সিন্ডিকেট আছে। তারাই মূলত কাওরানবাজার মাছের আড়ত নিয়ন্ত্রণ করেন। তারা চাইলেই এই অবৈধ অপতত্পরতা বন্ধ করতে পারেন। কিন্তু মানুষকে ঠকিয়ে বেশি টাকার লোভে তারা এই অসত্ কর্মকাণ্ড বন্ধ করছে না।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, দীর্ঘ সময় ধরে তাজা রাখতে মাছে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে কারওয়ানবাজার থেকে সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি, অস্ট্রেলিয়ান মাগুর বিক্রিসহ ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রির অভিযোগে পাঁচ জন মাছ কারবারীকে এক থেকে তিন মাস মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে।