মাহাথির মোবারক
বাংলাদেশের শৌখিন ফুলের মধ্যে স্বর্ণচাপা একটি। ফুলটি নজরকাড়া রং ও সুবাসের জন্য বিখ্যাত। অনেকে একে চাঁপা, চম্পা আবার চাম্পাও বলে থাকে।
স্বর্ণচাপা উঁচু ভূমিতে বেশি দেখা যায়, বিশেষ করে পাহাড়ি এলাকায় এর বাগান বেশি চোখে পড়ে। তবে সমতল ভূমিতেও ফোটে কখনো কখনো। স্বর্ণচাঁপা ফুলগাছের কাণ্ড ধূসর রঙের, উন্নত এবং সরল। পাতা চ্যাপটা, ঘনবদ্ধ এবং উজ্জ্বল সবুজ রঙের হয়ে থাকে। ফুলের রং সাদা, লাল, হলদে হয়। বাংলাদেশে হলুদ রংটাই বেশি দেখা যায়। আবহাওয়া, মাটি এবং পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন রঙের স্বর্ণচাঁপা ফোটে।
ফুলের পাপড়ি সংখ্যা প্রায় ১৫টি। ফল দেখতে কিছুটা আঙ্গুর ফলের মতো—কাক ও শালিকের প্রিয় খাবার। এর বীজ পায়ের কোনি রোগের জন্য উপকারী। এই ফুল ফোটার সময় গ্রীষ্মের প্রথম ভাগ থেকে শরতের শেষ পর্যন্ত।
