হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনা পৌরসভার অন্তর্গত শ্রীমদ্দি গ্রামের আড়াই কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রীমদ্দি বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান মিরাজ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রিয়াদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তোফায়েল আহমেদ হিমু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পৌরসভার সবচেয়ে জনবহুল শ্রীমদ্দি গ্রামের এ গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না করায় ১০ সহস্রাধিক মানুষ দুর্ভোগে পড়েছে। পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য গত এপ্রিল মাসেই টেন্ডার হয়েছে।
