শীতকালীন সবজি চারা উত্পাদনে ব্যস্ত বগুড়ার চাষিরা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯

স্টাফ রিপোর্টার, বগুড়া

শীত আসতে এখনো অনেক সময় বাকি। তারপরেও শীত মৌসুম ঘিরে শীতকালীন সবজি চারা উত্পাদনে সরব হয়ে উঠেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহ্নগর ও আশপাশের গ্রামগুলো। ২২০টি সবজি নার্সারিতে হচ্ছে উচ্চ ফলনশীল জাতের মরিচ, বেগুন, টম্যাটো, ফুলকপি, বাঁধাকপির মানসম্পন্ন কয়েক কোটি চারা। প্রতিকূল আবহাওয়ায় চারা উত্পাদন যাতে ব্যাহত না হয় সেজন্য পলিথিনের ছাউনিতে ঢেকে দেওয়া হয়েছে নার্সারির বেডগুলো। এই এলাকার চাষিরা জানান, আগামী ১৫ দিনের মধ্যে এসব চারা বাজারজাত শুরু হবে। সরেজমিনে দেখা গেছে, সুলভমূল্যে মানসম্পন্ন চারা পাওয়ায় বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়সহ দেশের ২৪টি জেলার মানুষ শাহ্নগর গ্রাম থেকে সবজি চারা সংগ্রহ করে লাভবান হচ্ছেন। স্থানীয়রা জানান, হাইব্রিড পেঁপে, টম্যাটো, মরিচ, শসা, খিরা, শিম, ধনিয়া পাতা, রাঁধুনি পাতা, বরবটি, বেগুন, গাজর, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উত্পাদন করছেন। শাহ্নগর সবজি নার্সারি মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন জানিয়েছেন, বেকারত্ব ঘোচাতে ১৯৮৫ সালে তিনি সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে সবজি চারা উত্পাদন শুরু করেন। দীর্ঘ তিন যুগ ধরে সবজি চারা উত্পাদনের কাজ চলতে থাকায় শাহ্নগর এখন ‘চারার নগর’-এ পরিণত হয়েছে। সেই সঙ্গে নার্সারিগুলোতে কর্মসংস্থান হয়েছে সহস াধিক নারী-পুরুষের। গড়ে উঠেছে সার, বীজ, কীটনাশকের দোকান।  শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম জানান, উপজেলার শাহ্নগর ও আশপাশের গ্রামগুলোর মানুষ খুবই পরিশ্রমী। এখানে তারা সবজি চারা উত্পাদন করে থাকে। কৃষি অফিস থেকে নিয়মিত তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।