সাতছড়ি জাতীয় উদ্যানে ৪৪টি বন্যপ্রাণী অবমুক্ত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯

হবিগঞ্জ প্রতিনিধি

চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ৪৪টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এসব প্রাণী অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মোতালেব হোসেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, জাতীয় উদ্যানের সহব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। অবমুক্ত করা প্রাণীর মধ্যে রয়েছে ৩০টি অজগরের ছানা এবং একটি করে বড় অজগর, মেছো বিড়াল, তক্ষক, চারটি বনবিড়াল, দুইটি লজ্জাবতী বানর, তিনটি বাদামি বানর, দুইটি সবুজ বুড়াল সাপ।