তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা উপজেলায় এ বছর পাটের বাম্পার ফলন না হলেও দামে ভীষণ খুশি কৃষক। সময়মতো খালবিল ডোবায় পানি থাকায় কৃষকের পাট পচাতে বেগ পেতে হয়নি।
উপজেলার সরুলিয়া ইউনিয়নের আমতলাডাঙ্গা গ্রামের পাটচাষি শহীদুল গাজী জানান, এ বছর তিনি চার বিঘা জমিতে পাট চাষ করেছেন। পাটখেতে চার বার ভূগর্ভস্থ পানির সেচ দিয়েছেন। গত বছর তার খেতের পাট ১০-১২ হাত পর্যন্ত লম্বা হয়। কিন্তু এ বছর সাত থেকে আট হাত লম্বা হয়েছে। তবে দাম ভালো হওয়ায় বেজায় খুশি তিনি। জুজখোলা গ্রামের পাটচাষি হাবুির রহমান জানান, পাটের দামের সঙ্গে সঙ্গে পাটকাঠির দাম পাওয়ায় ক্ষতি কিছুটা লাঘব হয়েছে।
তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ জানান, গত বছর চাষিরা মণপ্রতি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করে পাট বিক্রি করলেও চলতি বছর ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যে কারণে কৃষকরা বেশ খুশি।
সাতক্ষীরা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক আশীষ কুমার দাশ বলেন, প্রাকৃতিক কারণে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এ বছর জেলায় গত বছরের তুলনায় তিন শতাংশ জমিতে পাট চাষ করা হয়েছিল। আম্ফান ও অতিবৃষ্টির কারণে পাটচাষ অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।
