টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে মিয়ানমার থেকে আনার সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার রাতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল মিনাবাজার-নয়া বাজারের মধ্যবর্তী পয়েন্ট দিয়ে মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে ৫ নম্বর স্লুইস গেট পয়েন্টে অবস্থান নেয়।
কিছুক্ষণ পর মিয়ানমার থেকে আসা নৌকা হতে নেমে তিন জন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ সীমান্তে উঠতে চাইলে বিজিবি চ্যালেঞ্জ করে। পালিয়ে যাওয়ার সময় বিজিবি ধাওয়া করে একটি ইয়াবার বস্তাসহ খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়ার হেলাল উদ্দিনকে আটক করে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ আটক মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
