মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ বাচ্চু হাওলাদার (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শেহলাবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পৌর শহরের কুমারখালী এলাকার জনৈক দেলোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো. মজনু হাওলাদারের ছেলে। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। থানার এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারি চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল।
