কোয়ারেন্টাইনের মেয়াদ নিয়ে জটিলতা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৯

স্পোর্টস রিপোর্টার

প্রাথমিকভাবে বিসিবি চেয়েছিল শ্রীলঙ্কা পৌঁছে তিন দিন পরই অনুশীলনে নেমে পড়ুক বাংলাদেশ দল। করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে বিসিবির সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। কারণ লঙ্কায় গিয়ে কোয়ারেন্টাইন করতেই হবে মুমিনুল হকের দলকে। এক্ষেত্রে বিসিবির চাওয়া সর্বোচ্চ সাত দিন। যদিও স্বাগতিকরা ১৪ দিন বা তারও বেশি দিন রেখে খসড়া সূচি পাঠিয়েছিল। সম্মতি দেয়নি বিসিবি।

কোয়ারেন্টাইন নিয়ে দুই বোর্ডের চিঠি বিনিময় অব্যাহত রয়েছে। তাই এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত সূচি। দুই সপ্তাহ পর মুমিনুলদের লঙ্কা যাত্রা, কিন্তু এখনো সূচি চূড়ান্ত হয়নি। তাতে অবশ্য বিচলিত নয় বিসিবি। চলতি সপ্তাহে সূচি চূড়ান্ত হবে বলে গতকাল আশা প্রকাশ করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সফর নিয়ে কোনো শঙ্কা তৈরি হয়নি বলেই জানিয়েছেন বিসিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইনের মেয়াদ কত দিন হবে জানতে চাইলে গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী সাংবাদিকদের বলেছেন, ‘সর্বশেষ যখন আমাদের যোগাযোগ হয়েছে, তারা বলেছে সাত দিন আমাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

সফর নিয়ে বিসিবির পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে না যদি কোয়ারেন্টাইনের মেয়াদ সাত দিন হয়। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যতটা জানিয়েছে, সাত দিন হয়তো সর্বোচ্চ থাকতে হবে। সেভাবেই আলোচনা হচ্ছে। আমরা আশা করছি, সাত দিনের মধ্যেই যদি সীমাবদ্ধ রাখা যায় তাহলে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেভাবেই এগোতে পারব।’

কোয়ারেন্টাইনের মেয়াদ নিয়ে দ্বিমত থাকলেও সফর নিয়ে কোনো শঙ্কা নেই। বিসিবির প্রধান নির্বাহী গতকাল বলেছেন, ‘আমাদের প্রোগ্রামিংয়ে হয়তো কিছু অ্যাডজাস্টমেন্ট বা মাইনর পরিবর্তন আসতে পারে। কিন্তু মেইন ট্যুরে এটা ইমপ্যাক্ট ফেলার সম্ভাবনাটা কম।’ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর কলম্বোগামী বিমানে চড়ার কথা বাংলাদেশ টেস্ট দলের।

লঙ্কান বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বিসিবি। প্রস্তাবিত কোয়ারেন্টাইন মেয়াদ কমিয়ে আনতে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলছে এসএলসি। চলতি সপ্তাহেই চূড়ান্ত হবে সফরসূচি। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে যে, তারা তাদের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছে। স্পেসিফিক কোয়ারেন্টাইন রিকোয়েরমেন্ট যেগুলো তারা চেষ্টা করছে বিষয়গুলো যত কমিয়ে নিয়ে আসা যায়। গতকালও আমাদের সঙ্গে কথা হয়েছে। আমরা আশা করছি, আগামী দুই-তিন দিনের মধ্যে তাদের কাছ থেকে চূড়ান্ত বিষয়গুলো জানতে পারব।’