স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল নিশ্চিত করাটা এর চেয়ে রোমাঞ্চ হতেই পারত না আলেক্সান্ডার জেরেভের জন্য। প্রথম দুই সেটে হারের পর খাদের কিনার থেকে ফিরে এসেছেন তিনি। ইউএস ওপেনের সেমিফাইনালে ৩-৬, ২-৬, ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে পাবলো কারেনো বুস্তাকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের এক ধাপ দূরে। ফাইনালে আজ ডমিনিক থিয়েমের সামনেও একই হাতছানি। এর আগে সেমিফাইনালে অবশ্য সরাসরি সেটে জিতেই ফাইনালে আসেন তিনি।
চোটের কারণে রজার ফেদেরার ছিলেন না, করোনা শঙ্কায় নিজেকে সরিয়ে নিয়েছিলেন রাফায়েল নাদালও। এরপর যখন শেষ আট থেকে নিজের ভুলে নোভাক জকোভিচ বিদায় নেন তখনই মূলত নিশ্চিত হয় ছয় বছর পর নতুন ইউএস ওপেন চ্যামিপয়ন পাওয়ার ব্যাপারটা। চূড়ান্ত লড়াইয়ের মঞ্চে আসার আগে জেরেভকে পেতে হয়েছে কষ্টার্জিত এক জয়ই। বুস্তার কাছে প্রথম দুই সেটে রীতিমতো উড়ে যাওয়ার পর শেষ তিন সেটে বাজি মাত করেন জার্মান এই খেলোয়াড়। অন্য সেমিফাইনালে সরাসরি সেটে জয় পেলেও থিয়েম শেষ দুই সেটে জোর প্রতিদ্বন্দ্বীতার মুখেই পড়েছিলেন। দুটো সেটেই দানিল মেদভেদেভের বিপক্ষে তাকে যেতে হয়েছে টাইব্রেকার পর্যন্ত।
তবে কষ্টসাধ্য জয়গুলোর পর ফাইনালের আগে খুব বেশি বিশ্রামের সময় পাচ্ছেন না কেউই। আজ রবিবার রাতে ফাইনালে মুখোমুখি হবেন দুজনে। তবে যেই শিরোপা জিতুন, ক্যারিয়ারেরই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতবেন থিয়েম অথবা জেরেভ। সঙ্গে সঙ্গে ২০১৪ সালে মারিন কিলিচের পর আবারও নতুন বিজয়ী দেখবে ইউএস ওপেন।
এর আগে গতকাল শনিবার রাতে নারী এককের ফাইনালে মুখোমুখি হন ভিক্টোরিয়া আজারেঙ্কা ও নাওমি ওসাকা।
