কিছুই জানে না বিসিবি
স্পোর্টস ডেস্ক
আইসিসির নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে উঠবে সাকিব আল হাসানের নাম। আসছে ১ অক্টোবর অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টেয়েন্টি টুর্নামেন্টের নিলাম। অন্যদিকে সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৮ অক্টোবর। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি।
শুধু সাকিব নয়, নিলামে আরো বেশ কয়েক জন বড় তারকা ঠাঁই পাবেন। তাদের মধ্যে আছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মুনরো, ভারনন ফিল্যান্ডার ও মুনাফ প্যাটেলের মতো ক্রিকেটাররা।
টুর্নামেন্টে টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৩টি। খেলা হবে ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটায়। আসরের উদ্বোধন হবে হাম্বানটোটায়। বর্তমান সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে ১৪ নভেম্বর থেকে। শেষ হবে ৬ ডিসেম্বর। টুর্নামেন্ট খেলতে কোনো বাঁধা নেই। কারণ, এর আগেই সাকিব নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন।
তবে, বিসিবি এখনো এই ব্যাপারে কিছুই জানে না। সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। কিছু এলে তখন আমরা বিষয়টা দেখব। আর বিদেশি ঘরোয়া টুর্নামেন্টের জন্য আমাদের খেলোয়াড়দের একটি নির্দেশনা তো দেওয়াই রয়েছে। তার আলোকেই আমরা সিদ্ধান্ত নেব।’
আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনকে সামনে রেখে চলতি মাসের শুরুতে দেশে ফিরেন সাকিব। গত ৫ সেপ্টেম্বর থেকে তিনি বিকেএসপিতে অনুশীলনে ব্যস্ত।
এলপিএলের প্রথম আসরকে সামনে রেখে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির জন্য নিলামে তোলা হবে প্রায় দেড়শ জন ক্রিকেটারকে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ছয় জন করে বিদেশি ক্রিকেটার কিনতে পারবে। তার মানে এলপিএলে প্রায় ৩০ জন বিদেশি খেলোয়াড় দেখা যাবে। আর লঙ্কান ক্রিকেটার থাকবে ৬৫ জন। প্রতিটি দলে থাকছেন ১৯ জন ক্রিকেটার। টুর্নামেন্ট শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে, পরিস্থিতি উন্নতির সাপেক্ষে এই সময়সীমা কমিয়ে আনা হতে পারে।
