মুকসুদপুরে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:১২

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের এক দিন পর হাত-পা বাঁধা মঙ্গল চৌকিদার নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার জলিরপাড় ইউনিয়নের দক্ষিণ জলিরপাড় গ্রামের একটি ধানখেত থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মঙ্গল চৌকিদার একই উপজেলার ভাটরা বনগ্রাম গ্রামের মৃত অমৃত লাল চৌকিদারের ছেলে ।

পুলিশ জানায়, মঙ্গল চৌকিদার শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যার পর থেকে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পর গতকাল দুপুরে পথচারীরা উপজেলার দক্ষিণ জলিরপাড়ের ধানখেতে হাত-পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে।