সোনাদিয়া নৌ চ্যানেলে স্পিডবোট উলটে যুবকের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:১২

কক্সবাজার প্রতিনিধি

মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেলে স্পিডবোট উলটে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় অন্য তিন জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেলে চার জন যাত্রী নিয়ে স্পিডবোটটি উলটে গেলে এ ঘটনা ঘটে। নিহত মাসুদুর রহমান (৩৮) নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির রেশন ঠিকাদার। তার বাড়ি ঢাকার কল্যাণপুর বলে জানা গেছে। তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মহেশখালী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, কক্সবাজার থেকে মহেশখালীর সোনাদিয়া যাওয়ার পথে সোনাদিয়া নৌ-চ্যানেলে চার জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উলটে যায়। স্থানীয়রা চার জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক এক জনকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. জাকির হোসেন খান বলেন, দুই জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আবুল কাশেমের ছেলে ইয়াসিন নামে এক জন সদর হাসপাতালে চিকিত্সাধীন। নিহতের বিস্তারিত পরিচয় দিতে পারেনি ইয়াছিন।