মৃত্যুঞ্জয়সহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:১৩

তালায় ফেসবুকে আপত্তিকর ছবি দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার তালায় বিবস্ত্র ছবির সঙ্গে কলেজছাত্রীর ছবি জুড়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপমানে বিউটি মন্ডলের আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তালার দলুয়া বাজারে এলাকাবাসী আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার নেতা মাধব দত্ত, শিক্ষক দিব্যেন্দু সরকার, শিক্ষক গাজী মোমিন উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিউটির সহপাঠীরা। মানববন্ধনে শতশত মানুষ উপস্থিত ছিলেন। এদিকে বিউটির আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি মৃত্যুঞ্জয় রায়কে (২০) গতকাল সকালেই গ্রেফতার করেছে পুলিশ। তালা থানার ওসির নেতৃত্বে পুলিশ উপজেলার খেশরা এলাকা  থেকে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, তালার কলাগাছি গ্রামের জগদীশ রায়ের ছেলে মৃত্যুঞ্জয় রায় দীর্ঘদিন ধরে একই গ্রামের নিতাই মন্ডলের মেয়ে স্থানীয় দলুয়া শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী বিউটি মন্ডলকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাতে মেয়েটি রাজি না হওয়ায় ইন্টারনেট থেকে অন্য মেয়ের নগ্ন ছবি সংগ্রহ করে সেই ছবিটি এডিট করে তাতে বিউটি মন্ডলের মুখের ছবি জুড়ে দেয় মৃত্যুঞ্জয়। ১ সপ্তাহ আগে এডিট করা ছবিটি ফেসবুকে ছড়িয়ে দেয় লম্পট মৃত্যুঞ্জয়। এ ঘটনায় গত রবিবার থানায় অভিযোগ করেন বিউটির বাবা। এদিকে লজ্জায়, ক্ষোভে, অপমানে গত বুধবার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিউটি। বুধবার সন্ধ্যায় তালা থানায় মৃত্যুঞ্জয় রায়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা আইনে মামলা করে বিউটির কাকা দিপঙ্কর মন্ডল।