বিশেষ প্রতিনিধি
করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক টিকিট পাওয়া যাবে কাউন্টারে। বাকি অর্ধেকের ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা যাবে। সকাল ৮টায় এই টিকিট বিক্রি শুরু হয়।
এ ব্যাপারে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার ইত্তেফাককে বলেন, রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাউন্টার থেকে ২৫ শতাংশ আসনের টিকিট বিক্রি করা হবে। এছাড়াও আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ইস্যু বন্ধ রয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ে উপপরিচালক (টিসি) নাসির হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণিকে বর্তমান নিয়মে বিক্রি করা মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ছয়টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা ছয়টির কম হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে। পাঁচ মাস ১৮ দিন পর গতকাল থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু করল রেলওয়ে।
