ইত্তেফাক রিপোর্ট
স্বাধীন দেশের উপযোগী পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে বিদ্যমান পুলিশি ব্যবস্থার আমূল সংস্কারের জন্য ‘পুলিশ কমিশন’ গঠনের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে জেএসডি নেতৃদ্বয় বলেন, গণবিরোধী নির্মম পুলিশি ব্যবস্থার বিপরীতে জনগণের জীবন, অধিকার ও মর্যাদা রক্ষায় সাংবিধানিক দায়িত্ব পালনের লক্ষ্যে বিদ্যমান পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। বিচারবহির্ভূত হত্যা, পুলিশ হেফাজতে মৃত্যু, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে পুলিশের সম্পৃক্ততায় প্রমাণ হয়, বিদ্যমান পুলিশি ব্যবস্থা দিয়ে আইনের শাসন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।
বিবৃতিতে রব-ছানোয়ার আরো বলেন, দীর্ঘদিন পুলিশ বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ারের হুমকি দিয়ে অর্থ আদায়, গায়েবি মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা, নিরপরাধ মানুষকে অপরাধী সাজানোসহ ব্যাপক বেআইনি কর্মকাণ্ড সংঘটনের মাধ্যমে জনজীবনকে সংকটে ফেলে দিয়েছে। পুলিশ যে জনগণের বন্ধু এই বুলি এখন তামাশায় পরিণত হয়েছে। ক্ষমতাসীন সরকারের বেআইনি আদেশ-নির্দেশ পালন করতে করতে পুলিশ তার মৌলিক কর্তব্য ভুলে গেছে যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। পুলিশের কর্মকাণ্ড নিয়ে জনমনে যে ক্ষোভের জন্ম হচ্ছে তাও নিরসন করা খুব জরুরি।
