আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি কারখানায় তৈরি হচ্ছে মানহীন রুটি, বিস্কুট, কেকসহ অন্যান্য খাদ্যসামগ্রী। আর এসব সামগ্রী খেয়ে পেটের পীড়ায় ভোগে ক্রেতা।
অনুসন্ধানে দেখা যায়, উপজেলার আড়াইহাজার বাজার, গোপালদী, মানিকপুরসহ বিভিন্ন বেকারিতে নিয়ম না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা হয় নানা খাদ্যসামগ্রী। তাছাড়া আশপাশে বিচরণ করে মাছিসহ বিভিন্ন পোকামাকড়। যেসব পাত্রে উপাদান ঢেলে খাদ্যসামগ্রী তৈরি করা হয়, সেসব প্রায়ই থাকে অপরিষ্কার। মালিকেরা তাদের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্যের প্যাকেট ব্যবহার না করে বাইরে থেকে ক্রয়কৃত প্যাকেট ব্যবহার করেন। এসব খাবারের প্যাকেটে নেই উত্পাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য নির্দেশক। সূত্রমতে, হাতেগোনা কয়েকটি বেকারির বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক শুধু বিস্কুট তৈরির অনুমোদন থাকলেও তারা কেক, বনরুটিসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি করে থাকে। এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুমোদনের ব্যাপারে জানা নেই তাদের। নারায়ণগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সূত্রে জানা গেছে, বেকারি কারখানায় মেয়াদোত্তীর্ণ, লেবেলবিহীন প্যাকেট, অনুমোদনবিহীন ক্ষতিকারক কোনো দ্রব্য ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আশরাফুল আমীন বলেন, ‘অস্বাস্থ্যকর ও অপরিষ্কারভাবে তৈরি করা বেকারির খাবার খেলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। খবর নিয়ে আমরা ব্যবস্থা নেব।’
