অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আদালতে হাজির করতে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলে জানান কক্সবাজারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন। আর বেলা ১টার দিকে ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারে পৌঁছান বলে জানান চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন।
জানা গেছে, দুদকের মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর হাজিরা দিতে সাবেক ওসি প্রদীপকে চট্টগ্রামে নেওয়া হয়। ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। প্রদীপ কুমার দাশ টেকনাফের আগে কক্সবাজারের মহেশখালী থানা, সিএমপির পতেঙ্গা, বায়েজিদ ও পাঁচলাইশ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এসব জায়গায় কাজ করতে গিয়ে বিস্তর সমালোচনার জন্ম দিয়েছেন। একাধিকবার স্ট্যান্ড রিলিজও হয়েছেন। কিন্তু প্রতিবারই অদৃশ্য কারণে পার পেয়ে গেছেন।
সর্বশেষ টেকনাফ থানায় যোগদান করে বেপরোয়া হয়ে ওঠেন প্রদীপ কুমার দাশ। মাদক ব্যবসার তকমায় ব্যবসায়ী ও নিরীহদেরও বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নিরীহ লোকজনকে বন্দুকযুদ্ধের মিথ্যা মামলায় জড়িয়ে তাদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে। সিনহা নিহতের পর ওসি প্রদীপের বিরুদ্ধে বন্দুকযুদ্ধের নামে হত্যা, সাংবাদিক নির্যাতন ও দুর্নীতির অভিযোগে মোট ১৩টি মামলা হয়েছে।
