যুক্তরাষ্ট্রে দাবানলে ২৬ জনের মৃত্যু, বহু লোক নিখোঁজ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। অনেক প্রচেষ্টা সত্ত্বেও কর্তৃপক্ষ ক্ষতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৬ হয়েছে। নিখোঁজ রয়েছে বহু লোক। দাবানলের বর্তমান কেন্দ্রস্থল ওরেগন অঙ্গরাজ্যের প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে। দাবানলে কয়েকদিনে হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে গেছে।

মৃতের সংখ্যা আরো অনেক বাড়বে বলে সতর্ক করেছেন ওরেগনের গভর্নর কেট ব্রাউন। তিনি বলেছেন, তিনটি কাউন্টিতে এক ডজনের বেশি মানুষ নিখোঁজ            রয়েছেন। উদ্ধারকারীরা দাবানলে সম্পূর্ণ পুড়ে যাওয়া ছয়টি ছোট শহরের ধ্বংস্তূপের মধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা প্রধান অ্যান্ড্রু ফেলপস বলেন, যতটা দ্রুত এবং ভয়াবহ রূপ নিয়ে দাবানল শহরগুলোকে গিলে খেয়েছে, তাতে হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হওয়ার আশঙ্কা আছে। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাতাস মারাত্মক দূষিত হয়ে উঠেছে। গত আগস্ট থেকে শুরু হয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমের অঙ্গরাজ্যগুলোতে ছড়িয়ে পড়া এই দাবানলে এখন পর্যন্ত যে পরিমাণ ভূমি পুড়ে গেছে তা প্রায় নিউ জার্সি অঙ্গরাজ্যের সমান।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সাংবাদিকদের বলেন, ‘এই আবহাওয়া মারাত্মক বিপজ্জনক। এটা সত্যি এবং এটাই ঘটছে।’ দাবানলের মধ্যে চার সন্তান নিয়ে কোনোরকমে নিজের বাড়ি থেকে পালিয়ে প্রাণরক্ষা করেন ৪১ বছরের বিয়েট্রিজ গোমেজ বোলানোস। তিনি টেলিফোনে মার্কিন গণমাধ্যমকে বলেন, ‘বেয়ার ক্রিক মোবাইল হোম পার্ক’ থেকে গাড়িতে করে সন্তানদের নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তার দুই ধারে আগুন জ্বলতে দেখে তার সন্তানরা ভয়ে চোখ বন্ধ করে রেখেছিল। পুড়ে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এই দৃশ্য সহ্য করা কঠিন। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। তবে আমরা বেঁচে আছি এটাই অনেক।’ -রয়টার্স, সিএনএন