পিরোজপুর শহরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাড়ির বিয়ের আসর থেকে কনেকে অপহূরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। গতকাল শনিবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সহযোগীদের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন কনের পিতা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। গত শুক্রবার পিরোজপুর শহরের শিক্ষা অফিস সড়কে এ ঘটনা ঘটে এবং এর পরপরই বিয়ে ভণ্ডুল হয়ে যায়।
কনের পিতা দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বাদ আছর নিজ বাসভবনে মেয়ের আক্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে জেলার ইন্দুরকানী উপজেলার বাসিন্দা বর পক্ষ স্কুলশিক্ষক দেলোয়ারের বাড়িতে আত্মীয়স্বজন নিয়ে বরসহ আসেন। আক্দ শুরুর আগেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক কিছু সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে ঢুকে অনুষ্ঠান থেকে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাধা দিলে মেয়েকে অপহরণ করতে না পেরে বর পক্ষকে নানা হুমকি দেন। এ ঘটনার পর বর পক্ষের লোকজন ভয়ে বিয়ে বন্ধ করে চলে যায়। এ সময় অনিক ও তার সঙ্গে থাকা বন্ধুরা কনের পিতাকে হুমকি দিয়ে বলেন, তার মেয়েকে জনৈক আবুল কালামের ছেলে আব্দুল আলীম ছাড়া অন্য কারো সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। যদি বিয়ে দেওয়া হয়, বাসর ঘরে মেয়ের স্বামীকে হত্যা করে লাশ গুম এবং মেয়েকে অপহরণ করা হবে। দেলোয়ার হোসেন এই ঘটনা পিরোজপুর পৌর মেয়রসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জানান। দেলোয়ার হোসেন আরো জানান, এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক, আব্দুল আলীম ও শাওনসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক বলেন, তিনি তার বন্ধু আব্দুল আলীমের জন্য ঐ মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। সেখানে কোনো অপহরণের ঘটনা ঘটেনি বলে তিনি সাংবাদিকদের জানান।
