পঞ্চগড়ে দশম শ্রেণির

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৬

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় দশম শ্রেণির এক হিন্দু স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ সংলগ্ন কালিকাপুর গ্রামের সুশীল চন্দ্র রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা আটোয়ারী থানায় অভিযুক্ত ধর্ষক আইনজীবী এইচ এম হাবিবুর রহমান হাবিবসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

পুলিশ মামলার প্রধান আসামি হাবিবকে গ্রেফতার করেছে। হাবিবের বাড়ি আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের বারাগাঁও গ্রামে। তিনি ঐ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সদস্য। বর্তমানে ঐ শিক্ষার্থী পুলিশ প্রহরায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।

এদিকে, হাবিবের ফাঁসির দাবিতে গতকাল শনিবার বিকালে আটোয়ারী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ঐ স্কুলছাত্রীর পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। 

এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা শুক্রবার রাতে যে মামলা দায়ের করেছেন সেখানে অভিযুক্ত আইনজীবী এইচ এম হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি এবং ধর্ষণে সহায়তাকারী হিসেবে সুশীল চন্দ্র ও তার স্ত্রী শুকনির নাম উল্লেখ করেছেন। হাবিবকে গতকাল পঞ্চগড় আমলি আদালত-৫ এ হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আইনজীবী হাবিব সুদের ব্যবসার সঙ্গে জড়িত। ঐ ছাত্রীর বাবা তার কাছ থেকে টাকা নেওয়ার সূত্রেই হাবিবের সঙ্গে পরিচয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাশেদুজ্জামান জানান, স্থানীয়রা হাবিবকে আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার রাতে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ঐ ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও তিনি জানান।