গত বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে শরণার্থী শিবির পুড়ে যেসব মানুষ ঠাঁই হারিয়েছেন তাদের বিক্ষোভে ব্যাপক হারে কাঁদানে গ্যাস ছুঁড়েছে গ্রিসের পুলিশ। তারা অস্থায়ী শরণার্থী শিবির নিয়ে বিক্ষোভ করছিলেন। গ্রিসের লেসবস দ্বীপে সবচেয়ে বড় শরণার্থী শিবির মোরিয়ায় বুধবারের ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘিঞ্জি সেই শরণার্থী শিবিরে প্রায় ১৩ হাজার শরণার্থী ঠাঁই নিয়েছিলেন। অগ্নিকাণ্ডের পর মোরিয়ার পাশেই গ্রিক কর্তৃপক্ষ একটি অস্থায়ী শরণার্থী শিবির তৈরি করে। শনিবার তারা যখন ঘুমাচ্ছিলেন তখন ফের সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই স্থান ছাড়তে মরিয়া হন তারা। বাধা পেয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, শিবিরটি ৩ হাজার শরণার্থীর জন্য তৈরি করা হলেও সেখানে ১৩ হাজার মানুষের বাস ছিল। একারণে সেখানে অমানবিক পরিবেশে থাকতে হয় তাদের। বিশ্বের প্রায় ৭০টি দেশের শরণার্থী ঠাঁই নিয়েছেন সেখানে, যাদের বেশিরভাগ আফগানিস্তানের। -বিবিসি
